ইস্ত্রি দিয়ে মারছেন করোনা! ভাইরাল ভিডিও

৫ এপ্রিল, ২০২০ ১৩:৪৮  
গোটা বিশ্বই এখন করোনাভাইরাস আতঙ্কে। করোনা থেকে বাঁচতে বিশ্ববাসী মরিয়া হয়ে উঠেছেন। এর প্রতিষেধক তৈরিতে বিজ্ঞানীরা রাতদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই ভাইরাসের সংক্রমণ রোধে অনেকে দেশেই চলছে লকডাউন। ভারতজুড়েও চলছে ২১ দিনের লকডাউন। তবে খোলা আছে ব্যাংকগুলো। এর মধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, ব্যাংকের এক ক্যাশিয়ার গরম ইস্ত্রি দিয়ে চেক সংক্রমণ মুক্ত করছেন। একটি চিমটা দিয়ে চেকটি তুলে তিনি টেবিলে রাখছেন। এরপর তার উপর দিয়ে বেশ কয়েকবার গরম ইস্ত্রি ঘষে নিচ্ছেন সেই ব্যাংককর্মী। শনিবার সেই ভিডিও টুইটারের শেয়ার করেন মাহিদ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। সেইসঙ্গে ওই ব্যাংককর্মীর বুদ্ধির তারিফ করে তিনি লিখেছেন, ‘হোয়াটসঅ্যাপে এই ভিডিওটি পেলাম। ক্যাশিয়ারের এই টেকনিক কতটা কার্যকরী সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে এই ক্রিয়েটিভিটির জন্য আপনাকে তার প্রশংসা করতেই হবে!’